চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিএমপি কমিশনার।

তিনি সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের নিজ নিজ এলাকায় মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাং কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণকে কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলের গতি বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন কমিশনার।

সভায় সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ পারফরম্যান্সকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএমসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram