![]()
অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। নগরীর খুলশী ও চান্দগাঁও থানা এলাকায় পরিচালিত অভিযানে ছয়টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চারটি ভবনের অবৈধ অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে এবং দুটি ভবন সিলগালা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ভবনমালিকদের কাছ থেকে হলফনামা নেওয়া হয়েছে।
অভিযানকালে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত ভবনের বিভিন্ন অংশ আংশিকভাবে অপসারণ করা হয়। এ সময় ভবনমালিকদের ভবিষ্যতে অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিবিধান মেনে নির্মাণকাজ পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। এ ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান বাস্কেটসহ আরও দুটি ভবনকে সতর্ক করা হয়েছে।
এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “অনুমোদিত নকশা লঙ্ঘন করে ভবন নির্মাণ নগরীর পরিকল্পিত উন্নয়ন ও নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। ভবনমালিকদের অবশ্যই সিডিএ অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে নির্মাণকাজ পরিচালনা করতে হবে।”
তিনি আরও বলেন, নগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে অনুমোদিত নকশার ব্যত্যয় এবং নির্মাণসংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে ভবনমালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সিডিএ কর্তৃপক্ষ জানায়, নগরীকে পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা এবং ভবন নির্মাণসংক্রান্ত বিধিবিধানের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-০১ কাজী কাদের নেওয়াজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সিডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।