
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে চতুর্থ ব্যাচের আহসান হাবিব এবং সদস্যসচিব হিসেবে সপ্তম ব্যাচের মো. কামরুল হাসান হৃদয় দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাতে সংগঠনটির প্রধান উপদেষ্টা ও লক্ষ্মীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীর মাহবুবুর রহমান এ কমিটির অনুমোদন দেন। সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন চতুর্থ ব্যাচের মির্জা সাইফুল ইসলাম এবং যুগ্ম সদস্যসচিব হয়েছেন পঞ্চম ব্যাচের মো. তায়্যেবুল ইসলাম শোভন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে চতুর্থ ব্যাচের মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক হিসেবে ষষ্ঠ ব্যাচের মতিউর রহমান আরিফ, অর্থ সম্পাদক হিসেবে সপ্তম ব্যাচের শামসুল আরেফিন এবং প্রচার সম্পাদক হিসেবে ষষ্ঠ ব্যাচের রেদোয়ান আহমেদ দায়িত্ব পেয়েছেন। নারী বিষয়ক সম্পাদক করা হয়েছে সূচনা ইসলাম ও আয়েশা কবির লিপাকে।
কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রথম ব্যাচের আবুল হাসান সোহেল, দ্বিতীয় ব্যাচের শিমুল চৌধুরী এবং তৃতীয় ব্যাচের ফজলে রাব্বি ও রাকিব হাসান আকিব। এ ছাড়া বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্যসচিব মো. কামরুল হাসান হৃদয় বলেন, বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এ সংগঠন একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। প্রথম ব্যাচ থেকে সর্বশেষ ব্যাচের শিক্ষার্থীরা এ সংগঠনের মাধ্যমে একত্রিত হওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, এটি শুধু প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং সদস্যদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র হিসেবেও কাজ করবে। পাশাপাশি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সুসম্পর্ক গড়ে তোলাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।