সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ, নবীগঞ্জ বাজারে যানজটের শঙ্কা

কবির হোসেন রাকিব,(কমলনগর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১ নম্বর চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বাজারের প্রধান সড়কে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ইউসুফ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের আশঙ্কা, স্থাপনাটি নির্মাণের ফলে সড়ক সংকুচিত হয়ে যান চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে।

স্থানীয়দের অভিযোগ, নবীগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। নির্মাণকাজের কারণে সড়কের জায়গা সংকুচিত হয়ে পড়েছে। এতে ওই স্থানে ছোট-বড় যানবাহনের স্বাভাবিক চলাচল ও মোড় নেওয়া কঠিন হয়ে পড়তে পারে।

তাদের দাবি, সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সড়কটি যানজটমুক্ত ও নিরাপদ রাখা সম্ভব হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউসুফ। তিনি বলেন, “আমি সরকারি কোনো জায়গা দখল করিনি। আমার নিজের জায়গাতেই দোকানঘর নির্মাণ করছি।”

বিষয়টি নিয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমরা আগে অবগত ছিলাম না। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি প্রথম জানতে পেরেছি। তথ্যটি যাচাই করা হবে। সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে সরকারি সম্পত্তি রক্ষা, সড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ীরা।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram