
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানায় দায়ের করা চাঞ্চল্যকর অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) ঢাকার কোতোয়ালি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাবের এসআরবি-৭ ও এসআরবি-১০-এর যৌথ আভিযানিক দল।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩৫ মিনিটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানাধীন বাদামতলী এলাকার হাজী আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হালিশহর থানার মামলা নম্বর-০৩, তারিখ ১২ অক্টোবর ২০২৬-এর এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নুর ইসলাম নুর ঢাকার কোতোয়ালি থানা এলাকায় অবস্থান করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১০, ঢাকার একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নুর হোসাইন নুর (৩৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা এলাকার সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে।
পুলিশি নথি অনুযায়ী, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ।
সূত্র: এসআরবি-৭, চট্টগ্রাম।