
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
স্তন ক্যানসার সচেতনতা ও চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামে বিনামূল্যে স্তন ক্যানসার আক্রান্ত নয়জন নারীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পিংক অক্টোবর’২৬ ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রমের ধারাবাহিকতায় নভেম্বর মাসব্যাপী চলমান ‘Awareness to Care’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালের অপারেশন থিয়েটারে বিনামূল্যে এসব অস্ত্রোপচার কার্যক্রম পরিচালিত হয়। অস্ত্রোপচারে অংশ নেন যুক্তরাজ্যের ব্রিটিশ শল্যচিকিৎসক ডা. লরা জনসন (Laura Johnson) এবং ডা. মো. জাকের উল্লাহ।
অস্ত্রোপচার কার্যক্রম কনফারেন্স রুম থেকে স্ক্রিনে সরাসরি পর্যবেক্ষণ করেন চট্টগ্রামের একদল তরুণ শল্যচিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট সার্জারির শিক্ষার্থী। উদ্যোক্তারা জানান, পিংক অক্টোবর মাসে শনাক্ত হওয়া নয়জন রোগীর বিনামূল্যে স্তন অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
বিনামূল্যে এ অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি সুদূর যুক্তরাজ্য থেকে এসে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদানের জন্য ব্রিটিশ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিক্যাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে ২০২৫ সাল থেকে বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
অনুষ্ঠানে চসিক প্রশাসক বলেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সুলভ মূল্যে চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছর ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের কার্যক্রমের আওতায় ক্যানসার শনাক্ত হওয়া রোগীদের বিনামূল্যে টিউমার বোর্ডের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিনামূল্যে অস্ত্রোপচার কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওপর রোগীর চাপ কমাতে নগরীর বিভিন্ন স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে একাধিক মাল্টিডিসিপ্লিনারি (Multidisciplinary) ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, উপস্থিত রোগীদের স্বজনরা স্তন ক্যানসার বিষয়ে সচেতনতা সৃষ্টি, বিনামূল্যে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।