
ফেনী প্রতিনিধি:
ফেনী সদর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ জব্দসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গত ১৪ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর থানার বাথানিয়া এলাকায় বিসিক গ্যাস অফিসের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে এসআরবি-৭-এর আভিযানিক দল।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, এক মাদক কারবারি সিঙ্গেল কেবিন পিকআপযোগে কুমিল্লা থেকে নোয়াখালীর দিকে মাদক নিয়ে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে পিকআপের চালক গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে আভিযানিক দল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তি হলেন মো. মাইন উদ্দিন প্রকাশ রুবেল (২৬)। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার দক্ষিণ চরপাগলা এলাকার বাসিন্দা।
পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে পেছনে বিশেষ কায়দায় লুকানো সাদা প্লাস্টিকের বস্তা থেকে উদ্ধার করা হয় ৫ কেজি গাঁজা, ২৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৪ বোতল এস্কাফ সিরাপ এবং ৯ বোতল বিদেশি মদ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।
অভিযান শেষে আটক ব্যক্তি, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।