ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভিতে শনাক্ত ‘চিকনা রাজু’ গ্রে/প্তা/র।

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে আলোচিত ডিজিটাল ডট নেট (ডিডিএন) ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম অভিযুক্ত মো. রাজ্জাক ওরফে ‘চিকনা রাজু’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চকবাজার থানা পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে চান্দগাঁও থানাধীন সিএমবি টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চকবাজার থানা পুলিশের এসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার রাজ্জাক ওরফে চিকনা রাজু (২৬) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলামপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন টেকবাজার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

দুই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১১ জুলাই ২০২৬ তারিখে ডিডিএন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিদেশি ও দেশি নম্বর থেকে কল করে চাঁদা দাবি করে। একপর্যায়ে কলার নিজেকে ডেভিড-ইমন পরিচয় দিয়ে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়েছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরবর্তী সময়ে হামলার ঘটনা ঘটে বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

৩০-৪০ জনের হামলা ও ভাঙচুর

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ৩০ থেকে ৪০ জন ব্যক্তি চট্টগ্রামের চকবাজার থানাধীন ১২১ মনুমিয়াজী লেইন, চন্দনপুরা, বাকলিয়া এক্সেস রোডের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএন অফিসে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় অফিসের আসবাবপত্র, প্রবেশপথের কাচের দরজা এবং বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে হামলায় অংশ নেওয়ার অভিযোগ

পুলিশ জানায়, ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজ্জাক ওরফে চিকনা রাজুকে শনাক্ত করা হয়। পুলিশের দাবি, ফুটেজে তাকে দেশীয় অস্ত্র হাতে প্রথমে ডিডিএন অফিসে প্রবেশ করে কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করতে দেখা যায়। পরে তার সহযোগীদের সঙ্গে নিয়ে অফিসের বিভিন্ন সরঞ্জাম ভাঙচুরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ঘটনায় গত ১৩ জুলাই চকবাজার থানায় মামলা নম্বর ৭ দায়ের করা হয়। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫, ৩৮০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram