
নোয়াখালী প্রতিনিধি: হোসেন রাকিব
গত ৫ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজহার মুন্সি সমাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ফারুক হোসেনের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দোকানের সব মালামাল নষ্ট হয়ে তিনি প্রায় সর্বস্বান্ত হয়ে পড়েন।
অগ্নিকাণ্ডের পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় অনেকেই ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহায়তার আশ্বাস দেন। তবে ফারুক হোসেন জানান, “অনেকে সহযোগিতার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কেউ বাস্তবে কোনো সাহায্য করেননি। পরিবার নিয়ে চরম কষ্টের মধ্যে দিন কাটছে।”
এ অবস্থায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করে আবারও ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপি’র ৭ নং ওয়ার্ড সভাপতি রুহুল আমিন বাহাদুর। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর খোঁজখবর নিয়ে সহায়তার আশ্বাস দিয়ে বলেন, “আগামী সাত দিনের মধ্যে ইনশাআল্লাহ ফারুক হোসেনের জন্য নতুন একটি দোকান নির্মাণ করা হবে, যাতে তিনি পুনরায় তার ব্যবসা চালু করতে পারেন।”
রুহুল আমিন বাহাদুরের আশ্বাসে নতুন উদ্যম পান ফারুক হোসেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন,
“আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। দোকান পুড়ে যাওয়ার পর মনে হয়েছিল সব শেষ। কিন্তু বাহাদুর ভাইয়ের এই মানবিক আশ্বাসে আবার বাঁচার সাহস ফিরে পেয়েছি। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন।”
স্থানীয় এলাকাবাসীও রুহুল আমিন বাহাদুরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, দুর্যোগের মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েই প্রকৃত নেতার পরিচয় প্রকাশ পায়। তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের আশা—প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুতই নতুন দোকান নির্মাণের কাজ শুরু হবে এবং ক্ষতিগ্রস্ত ফারুক হোসেন পুনরায় জীবিকা ফিরে পাবেন।