ন্যাম ভবন থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান।

ডিসি জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থলে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে। তাদের উপস্থিতির পর পুলিশ কক্ষে প্রবেশ করে পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করবে।

তবে ঠিক কখন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, একই দিনে পল্লবী থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেন। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে উপস্থিত হয়ে তিনি জামিননামা জমা দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সন্দেহে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে গত ২১ জুলাই গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ওই মামলায় গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন পান গাজী নজরুল ইসলাম।

এর আগে গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে বলা হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করা হয়।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনাটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফরেনসিক পরীক্ষা ও পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

৩ মাসে ৫ লাখ ৭৪ হাজার টন তেল আমদানি, পদ্মায় ৪৫% মেঘনায় ৩০% যমুনায় ২৫%! তবুও দাম বাড়লো ২০ টাকা! গোডাউনে ১ লাখ ৫০ হাজার লিটার তেল গায়েব – জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সাথেই বেইমানি?