রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা বাংলাদেশের।

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার।

ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

বিবৃতিতে বলা হয়, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

এ ঘটনায় সৌদি আরব সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে চলমান সংকটের প্রেক্ষাপটে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও স্থাপনার সুরক্ষা নিশ্চিত এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

এর আগে শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুই বাংলাদেশি, একজন মার্কিন, একজন মিসরীয়, একজন জর্ডানীয়, একজন সিরীয়, একজন ফিলিস্তিনি ও একজন সুদানি নাগরিক রয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এ ধরনের সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram