লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে ‘মনির এন্ড ব্রাদার্স’-এর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক:

সোমবার (৩০ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত প্রতি লিটার পেট্রোলের মূল্য ১১৮ টাকা হলেও প্রতিষ্ঠানটি তা বিক্রি করছে ১৩০ টাকায়। এতে করে প্রতি লিটারে অতিরিক্ত ১২ টাকা বেশি আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে প্রতিদিন প্রায় ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পায় মনির এন্ড ব্রাদার্স। সে হিসেবে অতিরিক্ত মূল্যে বিক্রির মাধ্যমে প্রতিদিন প্রায় ৩৬ হাজার টাকা অতিরিক্ত মুনাফা করছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রাতের আধারে অনুমোদনবিহীন বিভিন্ন দোকানে ড্রাম ভর্তি তেল সরবরাহের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনিকভাবে অন্তত দুইবার অভিযান পরিচালনা করা হলেও সতর্ক করার পরও তারা কার্যক্রম বন্ধ করেনি বলে অভিযোগ স্থানীয়দের।

এ নিয়ে ভোক্তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সরকারি নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রি নিশ্চিত করা হয় এবং অবৈধ সরবরাহ বন্ধ করা হয়।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram