
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। অভিযানের অংশ হিসেবে রেলস্টেশনের প্ল্যাটফর্ম, সংলগ্ন রেললাইন ও আশপাশের এলাকা থেকে আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
সম্প্রতি রেলস্টেশন এলাকার খাবারের দোকানগুলোতে নিয়মিত তদারকির সময় একটি দোকানে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় ক্যাব যুব গ্রুপ। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে দোকানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব যুব গ্রুপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল।
বক্তারা শিক্ষার্থীদের এ ধরনের স্বেচ্ছাসেবামূলক ও সামাজিক দায়বদ্ধতাপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে ক্যাব যুব গ্রুপের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের ওপরও গুরুত্বারোপ করেন অতিথিরা।
ক্যাব যুব গ্রুপের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে তাঁদের এ ধরনের সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।