৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে ১৪ অক্টোবর চট্টগ্রামে বিএসটিআইয়ের আলোচনা সভা।

চট্টগ্রাম: ৫৭তম বিশ্ব মান দিবস উপলক্ষে আগামী ১৪ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ১১টায় চট্টগ্রামে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

নগরীর আগ্রাবাদের জাম্বুরি মাঠ এলাকায় বিএসটিআইয়ের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এবারের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য— “Shared Vision for a Better World: Affordable and Clean Energy”। বাংলায় যার অর্থ, ‘উন্নত বিশ্বের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গি: সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অফিস প্রধান ও উপপরিচালক (মেট্রোলজি) মো. মোমেন উস সাজ্জাদ।

বিশ্ব মান দিবসের তাৎপর্য তুলে ধরা, পণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

 

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram