চট্টগ্রামে চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন চক্রের সদস্য গ্রে/প্তা/র, উদ্ধার ৮ মোবাইলসহ সরঞ্জাম।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে আটটি মোবাইল ফোন, কম্পিউটার ও আইএমইআই পরিবর্তনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জাহেদুল কবিরের নির্দেশনায় এসআই নাঈমুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কোতোয়ালী থানার চৈতন্য গলি কাঁচাবাজার এলাকার বিসমিল্লাহ বিল্ডিংয়ের ষষ্ঠ তলার ৬ নম্বর কক্ষে একটি চক্র বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে ছিনতাইকৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে আসছে।

এ তথ্যের ভিত্তিতে গত ২১ অক্টোবর ২০২৬ রাত ১০টা ২০ মিনিটে ওই কক্ষে অভিযান চালায় পুলিশের আভিযানিক দল। অভিযানে আইএমইআই পরিবর্তনকারী চক্রের সদস্য মো. আব্দুল মান্নান ওরফে আসিফ (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা। বর্তমানে চট্টগ্রামের চান্দগাঁও এলাকার পুরাতন চান্দগাঁওয়ের পাঠানিয়াগোদা এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি তার হেফাজতে বিভিন্ন চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তনের জন্য রাখা হয়েছে বলে স্বীকার করেন।

উদ্ধার করা হয়েছে যেসব সরঞ্জাম

অভিযানে উদ্ধার করা আটটি মোবাইল ফোনের মধ্যে রয়েছে—রিয়েলমি 7i, ইনফিনিক্স স্মার্ট 7, ভিভো V27 5G, আইটেল Super 26 Ultra Blu, আইটেল, হুয়াওয়ে Nova 12s, শাওমি রেডমি নোট 7 এবং ইনফিনিক্স Hot 60 Pro মডেলের ফোন।

পুলিশ জানায়, উদ্ধার করা কয়েকটি মোবাইলের পেছনের অংশ খোলা ছিল এবং সেগুলো বন্ধ অবস্থায় পাওয়া যায়। কিছু ফোন অচল ছিল এবং কয়েকটির আইএমইআই নম্বর দৃশ্যমান ছিল না। রিয়েলমি 7i মডেলের ফোনটির আইএমইআই নম্বর কাটা অবস্থায় পাওয়া যায়।

এ ছাড়া উদ্ধার করা হয়েছে একটি F64 eMMC and UFC Adapter, একটি এলজি ডেস্কটপ মনিটর, একটি পিসি, একটি মাল্টিপ্লাগ, একটি ল্যাম্প লাইট, একটি কিবোর্ড, একটি মাউস, একটি রাউটার এবং পিসি ও মনিটর সংযোগের বিভিন্ন ক্যাবল।

মামলা দায়ের

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও অন্যান্য পলাতক আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৫৭, তারিখ ২২ অক্টোবর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪১১ ধারা এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১(২), ২২(২) ও ২৭ ধারা উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram