
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কবির হোসেন রাকিব
লক্ষ্মীপুরের কমলনগরে এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর জানার পর ভূমিকা রানী দাস (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন উপজেলার হাজিরহাট ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ভূমিকা রানী দাস কমলনগর উপজেলার হাজিরহাট উপকূল সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তিনি উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করুনানগর বাজার এলাকার শশী ভক্তের বাড়ির বাসিন্দা রঞ্জিত চন্দ্র দাস ও শিখা রানী দাসের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ভূমিকা জানতে পারেন, তিনি আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। পরে পরিবারের অজান্তে নিজ ঘরে আত্মহত্যার চেষ্টা করেন বলে পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে। বিষয়টি জানতে পেরে স্বজনরা তাঁকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
তরুণী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে নতুন করে আলোচনায় এসেছে পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং পরিবারের সচেতনতার বিষয়টি। বিশেষজ্ঞরা মনে করেন, পরীক্ষার ফলাফল কখনোই একজন শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত মূল্যায়ন হতে পারে না। এ সময়ে শিক্ষার্থীদের প্রতি পরিবারের সহমর্মিতা ও মানসিক সমর্থন অত্যন্ত জরুরি।