ইরানের পারমাণবিক নীতি বদলের দাবি, মুজতবা খামেনিকে বো/মা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান আইনপ্রণেতার।

আন্তর্জাতিক ডেস্ক | বীর চট্টলা টিভি

ইরানের পারমাণবিক নীতি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে পারমাণবিক বোমা তৈরির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানি আইনপ্রণেতা মাহমুদ নাবাভিয়ান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাবাভিয়ান জানান, পবিত্র নগরী কোমে আয়োজিত একটি সমাবেশে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। এ সময় উপস্থিত জনতার মধ্যেও তাঁর প্রস্তাবের প্রতি সমর্থনসূচক প্রতিক্রিয়া দেখা যায় বলে দাবি করেন তিনি।

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি না করার দীর্ঘদিনের নীতিগত অবস্থান পুনর্বিবেচনার দাবি জানিয়ে দেশটির কয়েকজন আইনপ্রণেতার বক্তব্যের মধ্যেই নাবাভিয়ানের এই আহ্বাত সামনে এলো।

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ধর্মীয় ফতোয়া জারি করেছিলেন। তেহরানও বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

তবে পারমাণবিক অস্ত্র নিয়ে দেশটির অভ্যন্তরীণ বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। গত সেপ্টেম্বরে আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেছিলেন, পারমাণবিক অস্ত্রের বিষয়ে দেশটি আগের ধর্মীয় নির্দেশনা ও নীতিগত অবস্থানে অটল রয়েছে। পারমাণবিক নীতিতে কোনো পরিবর্তন আসেনি বলেও জানান তিনি।

তবে ভবিষ্যতে পরিস্থিতি কী দাঁড়াবে, তা নিশ্চিত করে বলতে পারেননি রেজাই।

উল্লেখ্য, আইনপ্রণেতা নাবাভিয়ানের এই বক্তব্যকে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সরকারি সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। এখন পর্যন্ত এটি তাঁর ব্যক্তিগত রাজনৈতিক আহ্বান।

সূত্র: আলজাজিরা,

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram