
চট্টগ্রামের রাউজান থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাউজান সাকিনের জুরুরকুল বাজার এলাকায় জনৈক কালু মিয়ার খড়ের গাদার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র পড়ে রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় খড়ের গাদার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এগুলো চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।