
লক্ষ্মীপুর প্রতিনিধি: মোহাম্মদ নুরুল ইসলাম।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা গিয়াস উদ্দিন। দুর্ঘটনায় তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত ও ক্ষতবিক্ষত হয়েছেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন এবং নিজ বাড়িতে অবস্থান করছেন।
বুধবার (৪ নভেম্বর) কমলনগর উপজেলার হাজিরহাট বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন মাওলানা গিয়াস উদ্দিন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন। পরে খবর পেয়ে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আলহাজ্ব হযরত মাওলানা গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে দ্বীনি খেদমতে নিয়োজিত রয়েছেন। তিনি জেলা ইমাম সমিতির সভাপতির পাশাপাশি হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার শিক্ষক এবং চর লরেন্স ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, তাঁর ছেলে ও প্রতিষ্ঠিত ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার পরিচালক হাফেজ মাহবুবুর রহমান বাবার সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ আমার বাবাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন। বর্তমানে তিনি ভালো আছেন এবং বাড়িতে অবস্থান করছেন। আমার বাবার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি মাওলানা গিয়াস উদ্দিনের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।