কোতোয়ালী পুলিশের অভিযানে চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৫ কেজি বৈদ্যুতিক তার।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই বলে সন্দেহভাজন বিভিন্ন দৈর্ঘ্য ও রঙের প্রায় ১৫ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২ অক্টোবর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী নেভাল এভিনিউ রোডের চিটাগাং অফিসার্স ক্লাবের সামনে পাকা সড়কে সন্দেহজনক অবস্থায় কয়েকজনকে দেখতে পায় পুলিশের বিশেষ অভিযানকারী দল। তাদের হাতে প্লাস্টিকের বস্তা থাকায় জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা অসংলগ্ন কথাবার্তা বললে সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পরিচয় প্রকাশ করে এবং তাদের হেফাজতে চোরাই বৈদ্যুতিক তার থাকার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জাকির হোসেন, মো. রানা (২৪) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু (১৬)।

পুলিশের দাবি, গ্রেপ্তারদের দেহ ও সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে বিভিন্ন দৈর্ঘ্য ও রঙের বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করে এসব তারের মোট ওজন পাওয়া যায় ১৫ কেজি।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসাবাড়ি ও অফিস এলাকার নির্জন স্থান থেকে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল চুরি করে জীবিকা নির্বাহ করার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নং-০৭, তারিখ ২ অক্টোবর ২০২৬, দণ্ডবিধির ৪১১/৩৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে পিসিপিআর যাচাই করে মো. সজিব নামের এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার তেজগাঁও থানায় ২০২৩ সালের একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা থাকার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

চোরাই মালামাল উদ্ধার ও চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram