রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কমলনগরের আমজাদ হোসাইন শামীম।

কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তরুণ আইটি উদ্যোক্তা আমজাদ হোসাইন শামীম এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম’-এ।

আগামী ৮ থেকে ১০ অক্টোবর ২০২৬ রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক প্রযুক্তি ফোরাম। বিশ্বজুড়ে প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এই ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কমলনগরের এই তরুণ উদ্যোক্তা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ফোরামটি রাশিয়ার বৃহৎ প্রযুক্তি আয়োজন ‘ডিজিটাল সলিউশনস’-এর অংশ হিসেবে অনুষ্ঠিত হবে। আয়োজনে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের উপস্থিত থাকার কথা রয়েছে।

আমজাদ হোসাইন শামীম একজন তরুণ আইটি উদ্যোক্তা এবং ‘ইউআই বার্ন লিমিটেড (UI Barn Limited)’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। কমলনগরের প্রান্তিক পর্যায় থেকে উঠে এসে প্রযুক্তি খাতে নিজের দক্ষতা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিসরে কাজের সুযোগ তৈরি করেছেন।

তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান UI Barn বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট ও আইটি সাপোর্টসহ বিভিন্ন প্রযুক্তি সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বিশ্বের ১০৮টি দেশে বিভিন্ন কোম্পানির সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।

শুধু আন্তর্জাতিক বাজারে কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই আমজাদ হোসাইন শামীমের উদ্যোগ। বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অনলাইন ব্যবসা আরও সহজ ও সাশ্রয়ী করার লক্ষ্যেও কাজ করছেন তিনি। এর অংশ হিসেবে দেশীয় উদ্যোক্তাদের জন্য ‘কারবার ই-কমার্স অটোমেশন’ নামে একটি ওয়েবসাইট সলিউশন চালু করেছেন তিনি।

প্রযুক্তি খাতে তার কাজ ও উদ্যোগের স্বীকৃতি হিসেবে এবার রাশিয়ার আন্তর্জাতিক এই প্রযুক্তি ফোরামে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে আমজাদ হোসাইন শামীমের এই অর্জনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইয়ুথ ফাউন্ডেশন (BIYF)-এর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়েছে।

কমলনগরের মাটি থেকে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে আমজাদ হোসাইন শামীমের এই যাত্রাকে স্থানীয়রা দেখছেন সম্ভাবনাময় তরুণদের জন্য অনুপ্রেরণা হিসেবে। মস্কোর এই ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ ও উদ্যোক্তাদের সঙ্গে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি-উদ্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ পাবেন তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, আন্তর্জাতিক এই আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে আমজাদ হোসাইন শামীম বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা ও প্রযুক্তি খাতের সক্ষমতাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে ভূমিকা রাখবেন।

 

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram