দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ সিএমপি কমিশনারের।

চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় সিএমপির মাল্টিপারপাস শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোঃ রইছ উদ্দিন।

সভাপতির বক্তব্যে সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী বলেন, শারদীয় দুর্গাপূজায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো অস্বাভাবিক পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ নিশ্চিত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্যের শেষে সিএমপি কমিশনার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সর্বোচ্চ সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম—তাঁরাও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত—সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

১৭ দফা মহাপরিকল্পনায় চট্টগ্রামকে বাঁচানোর ডাক সচিব আশরাফুল আমিনের: সড়ক বাড়িয়ে নয়, ডাটা দিয়ে জ্যাম-জলাবদ্ধতা-বর্জ্য জয় – দেশের প্রথম ইন্টিগ্রেটেড কন্ট্রোল সেন্টার চট্টগ্রামে।