স্বামীকে হত্যা করে ড্রামে সিমেন্টে ঢেকে রাখার মামলা: স্ত্রী মুসকান ও প্রেমিক সাহিলের মৃত্যুদণ্ড।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের মিরাটে মার্চেন্ট নেভির কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি ও স্ত্রীর প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

১২৬টি শুনানি ও ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার (১৪ অক্টোবর) জেলা জজ অরবিন্দ কুমার মিশ্র এ রায় ঘোষণা করেন। এর দুই সপ্তাহ আগে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যেভাবে হত্যা করা হয় সৌরভকে

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ৩ মার্চ মিরাটের ইন্দ্রা নগরে নিজেদের বাড়িতে সৌরভকে হত্যার পরিকল্পনা করেন মুসকান ও সাহিল। প্রথমে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে স্বামীকে অচেতন করেন মুসকান। পরে সাহিল বাড়িতে পৌঁছালে দুজন মিলে সৌরভকে ছুরিকাঘাতে হত্যা করেন।

হত্যার পর বাথরুমে সৌরভের মরদেহ টুকরো টুকরো করা হয়। পরে দেহের খণ্ডিত অংশগুলো একটি বড় নীল প্লাস্টিকের ড্রামে ভরে তাতে বালি, পানি ও সিমেন্টের মিশ্রণ ঢেলে দেওয়া হয়। মরদেহের অস্তিত্ব গোপন করতেই ড্রামটি সিমেন্ট দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল। মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে ড্রামটি আদালতে উপস্থাপন করা হয়।

মেয়ের কথায় সামনে আসে হত্যার ঘটনা

ঘটনার পর মুসকান ও সাহিল হিমাচল প্রদেশে পালিয়ে যান। এদিকে সৌরভ বেঁচে আছেন এবং ব্যবসায়িক কাজে বাইরে রয়েছেন—এমন ধারণা তৈরি করতে স্বামীর ফোন ব্যবহার করে স্বজনদের বার্তা পাঠাতেন মুসকান।

তবে স্বজনদের সন্দেহ হলে ১৭ মার্চ তাঁরা স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে সৌরভের বাড়িতে যান। এ সময় সৌরভ ও মুসকানের ছয় বছর বয়সী মেয়ে প্রতিবেশীদের বলে, ‘বাবা ড্রামের ভেতর।’

পরে পুলিশ ড্রামটি কেটে সেখান থেকে সৌরভের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। এর দুই দিন পর মুসকান ও সাহিলকে গ্রেপ্তার করা হয়।

আদালতে যেসব প্রমাণ উপস্থাপন করা হয়

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ পারিপার্শ্বিক, প্রযুক্তিগত ও ভৌত প্রমাণ আদালতে উপস্থাপন করে। স্থানীয় দোকানিরা সাক্ষ্য দেন, অভিযুক্তরা তাঁদের কাছ থেকে নীল ড্রাম, সিমেন্ট, বালি ও মাংস কাটার ছুরি কিনেছিলেন।

এ ছাড়া মোবাইল ফোনের কল রেকর্ড ও টাওয়ারের অবস্থানসংক্রান্ত তথ্যের মাধ্যমে অপরাধের সময় ঘটনাস্থলে সাহিলের উপস্থিতির বিষয়টি তুলে ধরা হয়।

মৃত্যুদণ্ডে আপত্তি ছিল না মুসকানের বাবা-মায়ের

রায় ঘোষণার আগে মুসকানের বাবা-মা আদালতকে জানান, সৌরভ ভালো মানুষ ছিলেন। অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হলে তাঁদের আপত্তি নেই বলেও তাঁরা জানান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর থেকে মুসকানের পরিবারের সদস্যরা কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে যাননি।

 

Facebook
WhatsApp
Email
Pinterest
Telegram

১৭ দফা মহাপরিকল্পনায় চট্টগ্রামকে বাঁচানোর ডাক সচিব আশরাফুল আমিনের: সড়ক বাড়িয়ে নয়, ডাটা দিয়ে জ্যাম-জলাবদ্ধতা-বর্জ্য জয় – দেশের প্রথম ইন্টিগ্রেটেড কন্ট্রোল সেন্টার চট্টগ্রামে।