
ফেনী প্রতিনিধি:
ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রিভারাইন ব্যাটালিয়ন (এসআরবি)-৭, চট্টগ্রাম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে ফেনী সদর থানাধীন মধ্যম চাড়িপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নটি জানতে পারে, মধ্যম চাড়িপুর এলাকার বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম দিকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।