![]()
ফেনী সদর থানার ফতেপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় এসআরবি-৭, চট্টগ্রামে কর্মরত ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীর নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মাদকসংক্রান্ত তথ্যের ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রামের ফেনী ক্যাম্পের একটি আভিযানিক দল ফেনী সদর থানার ফতেপুর এলাকার স্টার লাইন ফুয়েল পাম্পের পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে চেকপোস্টে থাকা একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডিউটিরত ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীরকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়।
এতে ডিএডি মুহাম্মদ আলমগীর ও ট্রাকচালক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১টার দিকে ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিহত ওয়ারেন্ট অফিসার ডিএডি মুহাম্মদ আলমগীর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। তার বিজেও নম্বর ৬৭৩৩৮। তিনি বিবাহিত এবং পাঁচ সন্তানের জনক ছিলেন। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মনাটিয়া গ্রাম, পোস্ট—কেন্দুয়া। তার মাতৃ ইউনিট ১৪ বীর, যশোর সেনানিবাস।
এ ঘটনায় এসআরবি-৭, চট্টগ্রামে কর্মরত সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কর্তব্যরত অবস্থায় তার এমন অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।